ZoyaPatel

যখন ভালমানুষ চিনতে ভুল হয়!

Mumbai

আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখলেন একটি লোক রাস্তার কুকুরদের কিছু খাবার খেতে দিচ্ছে। বা হয়তো দেখলেন, এক মহিলা রাস্তার ধারে শুয়ে থাকা কয়েকজন মানুষকে নতুন জামাকাপড় পড়িয়ে দিচ্ছে আর তাদের হাতে টাকাকড়ি তুলে দিচ্ছে। এমন দৃশ্য দেখে আপনার মনে এই ধারণা জন্মাতে পারে যে, ওরা ভালমানুষ! কারণ আমরা ভালমানুষ বলতে যা বুঝি, তা আসলে ওইরকম। তবে বাস্তবে আমরা যাদের ভালমানুষ বলে মনে করি, তারা অনেকেই আসলে ভালমানুষ নয়।

আপনি পশুপাখীদের প্রতি দরদী হতে পারেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো গৃহহীন লোকের প্রতি সদয় হতে পারেন, এমনকি আপনার সাথে রাস্তায় দেখা হওয়া প্রতিটি অপরিচিত মানুষের প্রতিও সদয় হতে পারেন। কিন্তু অচেনা অপরিচিত মানুষের প্রতি আপনার সদয় ও মানবিক আচরণ আপনার চরিত্রের প্রকৃত মাপকাঠি নয়। আপনার নিজের ঘরের মানুষের সাথে সদয় ও মানবিক আচরণই হলো আপনার চরিত্রের আসল পরীক্ষা। কারণ অচেনা অপরিচিত মানুষ আপনার অতীতের ইতিহাস জানে না; তাদের দেখে আপনার পুরনো ক্ষতগুলো জ্বলে ওঠে না; আর তারা আপনার সেই আসল রূপটি আয়নার মতো আপনার সামনে তুলে ধরে না, যাকে আপনি বছরের পর বছর ধরে গোপন করে রেখেছেন বা এড়িয়ে চলেছেন। কিন্তু যাদের সঙ্গে আপনি একই ছাদের নিচে বাস করেন, যেমন আপনার জীবনসঙ্গী ও সন্তানেরা, তারা ঠিক ওই কাজটি করে। আপনার ঘরই আপনার সেই আসল চরিত্রের কাহিনী বহন করে। আর এ হলো সেই অস্বস্তিকর সত্য, যা অধিকাংশ মানুষই এড়িয়ে চলতে চায়। আপনার সমস্ত ভদ্রতা, সৌজন্য, মানবিকতা আর দয়ামায়া যদি কেবল অচেনা অপরিচিত মানুষ আর রাস্তার কুকুর বেড়ালদের জন্যই হয়ে থাকে, তবে সেটাকে প্রকৃত সদয় আচরণ বলা যায় না। সেটাকে আসলে বলা হয় নিজের ভাবমূর্তি রক্ষার কৌশল বা “Image Management”।

আপনি আসলে কেমন মানুষ, তার প্রকৃত মাপকাঠি সেই বিনম্র হাসি প্রমাণ করে না, যা আপনি রেস্তোরার কর্মচারীকে উপহার দিয়েছেন। বরং আপনার চরিত্রের আসল মাপকাঠি হলো সেই কণ্ঠস্বর বাচনভঙ্গি, যা আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ব্যবহার করেন, যিনি আপনার সঙ্গে ঘর সংসার করছেন। এটি হলো সেই ধৈর্য, যা আপনি তখন প্রদর্শন করেন, যখন আপনার সন্তানেরা কোনো কারণে দিশেহারা বা বিচলিত হয়ে পড়ে। এটি হলো সেই কোমলতা, যা আপনি সেই দিনগুলোতেও বজায় রাখেন, যেদিন আপনার অহংবোধ মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সত্যি কথা বলতে, কোনো একটি বড় ধরনের বিশ্বাসঘাতকতার কারণে বিবাহের সম্পর্ক হুট করে ভেঙে যায় না। বরং প্রতিদিনের অবহেলা, সামান্য অসম্মান এবং নিত্যদিনের নির্দয় আচরণ ও উদাসীনতার সেই ধীরগতির ক্ষয়ের কারণেই সম্পর্কগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। অচেনা অপরিচিতদের প্রতি সদয় আচরণ হয়তো সমাজের লোকজনদের আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। কিন্তু জীবনসঙ্গী ও সন্তানদের প্রতি আপনার সদয় আচরণ আপনাকে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। অচেনা অপরিচিতদের প্রতি সদয় ও মানবিক আচরণ আপনার কেবল একটি বাহ্যিক ভাবমূর্তি তৈরি করে। কিন্তু ঘরের মানুষের সাথে সদয় আচরণই আপনাকে একজন প্রকৃত চরিত্রবান মানুষ হিসেবে প্রমাণ করে। আর আপনি যদি নিজে ঘর ছাড়া অন্য সব জায়গায় দয়ালু হন, তবে সেটা দয়া নয়। সেটা হলো ভালমানুষের অভিনয়। সেটা হলো, সমাজের সামনে পুণ্যের ছদ্মবেশে নিজে ভাবমূর্তি টিকিয়ে রাখার কৌশল।

Ahmedabad