জরুরী বার্তা - Read it First
“আলো হোক” ব্লগে স্বাগত!
এই ব্লগ পড়ার আগে অনুগ্রহ করে নিচে লেখা জরুরী কিছু কথা পড়ে নিন
শুরুতেই কয়েকটা কথা জেনে
রাখা ভালো। এই ব্লগে ধর্ম, দর্শন,
মনস্তত্ত্ব, বিজ্ঞান, জীবনশৈলী, নৈতিকতা, রাজনৈতিক মতাদর্শ,
আধ্যাত্মিকতা, ধর্মীয় ইতিহাস এবং নাস্তিকতা, এসব ছারাও আরও এমন সব স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালিখি করা হয় যেখানে এই ক্ষেত্রগুলোর মধ্যে এমন সংঘাত
বা টানাপড়েন তৈরি করে যা অনেকের মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে, কিংবা অনেকের
মনে আঘাত হানতে পারে।
এই সব বিষয় নিয়ে আমি ঠিক সেভাবেই লিখতে পছন্দ
করি, যেভাবে আমার মনে হয় তা লেখা উচিত। আমার ব্যাক্তিগত সততা ও সমালোচনামূলক
দৃষ্টিভঙ্গি নিয়েই আমি লেখালিখি করি। এমন অনেক বিষয় আছে,
যা নিয়ে মানুষ চর্চা করতে আপত্তি প্রকাশ করে। আমাদের সমাজে যদি সেই সমস্ত বিষয় নিয়ে
আলোচনার ক্ষেত্রে জনপ্রিয়তা দেখা যায়না বলেই, আমি যে সেই সব বিষয়ে নিয়ে যে কোনও আলোচনা
এড়িয়ে চলবো আর তা নিয়ে কিছুই লিখবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এমন ধারণা নিয়ে আমি
বাঁচি না।
এর মানে হলো, এই ব্লগে এমন কিছু বিষয় নিয়ে লেখা প্রকাশ করা হয় যা আপনার ব্যাক্তগত কোনো বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলতে পারে বা আঘাত করতে পারে; তা আবার এমন কোনো বিশ্বাসও হতে পারে যা আপনার কাছে অত্যন্ত পবিত্র। এটা ইচ্ছাকৃত নয়, আবার পাঠককে অকারণে উত্যক্ত করে তোলাও এ সব লেখার প্রধান উদ্দেশ্য নয়। কোনো ধারণা বা বিশ্বাসকে গভীরভাবে বিশ্লেষণ করতে গেলে আমাদের অনেক সময় আলোচনার এমন এক পর্যায়ে পৌঁছাতে হয় যা অস্বস্তিকর পরিবেশ ও মানসিক অবস্থার সৃষ্টি করে। আর এই জায়গায় আমি নিজের বা অন্য কারও ক্ষেত্রে মানসিক স্বাচ্ছন্দ্য রক্ষার চেয়ে তথ্য-প্রমাণ ও যুক্তি অনুসরণ করাকেই ভালো বলে মনে করি।
মতভিন্নতা মানেই অসম্মান নয়
কোনো ধর্মীয় মতবাদ, দার্শনিক ধারণা
বা প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলা আর সেই ধারণায় বিশ্বাসী মানুষদের আক্রমণ করা, তা কিন্তু এক বিষয় নয়। আমার লেখায়
বিভিন্ন ধারণা ও মতবাদের সমালোচনা করি,
কিন্তু যারা সেই মতবাদ অনুসরণ করেন, সেই
ব্যাক্তিদের নয়। এমন কোনো লেখায়
কখনো যদি সেই সীমা অতিক্রম করে থাকি, তবে আমি তা জানতে আর নিজের ভুল শোধরাতে সবসময়ই তৈরি। তবে কোনো বিশ্বাসের সাথে আমি দ্বিমত পোষণ করছি মানেই যে, বিশ্বাসীর ওপর আমি আক্রমণ করছি, এমনটা কিন্তু নয়। যেমন এই ব্লগের লেখায় হিন্দুধর্ম
বা ইসলাম ধর্মের ধারণা ও বিশ্বাস নিয়ে সমালোচনা করা হয়েছে।
কোনোকিছু অস্বস্তিকর মানেই তা ভুল বলে প্রমাণ হয়না
যখন কোনো বিষয় নিয়ে
তীব্র আবেগীয় প্রতিক্রিয়া দেখা দেয়, তখন সহজেই আমাদের মনে হতে পারে যে সেখানে হয়তো
মিথ্যা বা বিদ্বেষপূর্ণ কথা বলা হয়েছে। কিন্তু এর প্রকৃত অর্থ হলো, আপনার কাছে গুরুত্বপূর্ণ বা
সংবেদনশীল এমন বিশ্বাস বা ধারণা আছে, যা সেই বিষয়ের
আলোচনা অন্তরের এমন স্থানকে স্পর্শ করেছে, যা আপনার মনে অশান্তির বা দ্বন্দ্বের সৃষ্টি
করেছে। যাইহোক, এমন প্রতিক্রিয়াকে কেবল এড়িয়ে না চলে বরং তা নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন।
আমি ভুলের ঊর্ধ্বে নই
এ কথা স্বীকার করতে লজ্জা নেই, আমারও ভুল হতে
পারে! আমার দ্বারা তথ্যের ভুল ব্যাখ্যা হতে পারে কিংবা
কোনো বিষয়কে অতিরঞ্জিত করে ফেলার সম্ভাবনা ঘটতে পারে।
এমনটা ঘটলে আমি চাই আমাকে শুধরে দেওয়া হোক। এ ব্যাপারে বিনম্রতাই শ্রেয়।
তবে তা হতে হবে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য-প্রমাণের
ভিত্তিতে, ক্ষোভ বা ক্রোধের বশবর্তী হয়ে
নয়। একজন পাঠকের পক্ষ থেকে গঠনমূলক দ্বিমত বা পাল্টা যুক্তি গ্রহণ করা এক মূল্যবান বিষয়, এবং
আমি তা গুরুত্বের সাথে বিবেচনা করি।
এই ব্লগ সর্বজনীন ঐকমত প্রকাশের জায়গা নয়
আপনি যদি এমন লেখা খুঁজছেন যা কেবল আপনার বর্তমান বিশ্বাস, ধারণা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, দর্শন কিংবা যুক্তিকেই সমর্থন ও নিশ্চিত করবে, তবে সম্ভবত এই ব্লগটি
আপনার জন্য উপযুক্ত নয় এবং তাতে কোনো সমস্যা নেই। যা আপনার কোনো উপকারে আসছে না বা
ভালো লাগছে না, তা পড়ার কোনো বাধ্যবাধকতা নেই।
আপনি চাইলে এই ব্লগ পড়া বন্ধ করতে পারেন, আবার চাইলে দ্বিমতও পোষণ করতে পারেন
এই ব্লগের কোনো লেখা যদি আপনাকে বিচলিত বা
অস্থির করে তোলে, বা আপনার কোনও ব্যাক্তিগত বিশ্বাসকে আঘাত করে থাকে, তবে আপনি এই ব্লগ থেকে বেড়িয়ে যেতে পারেন—এতে
আমার কোনো আপত্তি বা দুঃখ থাকবে না। কিন্তু তারপরেও
আপনি যদি স্বেচ্ছায় এই ব্লগের লেখাগুলি পড়ে যেতে চান, আর ব্লগের সাথে যুক্ত থাকতে চান,
তবে আপানার মনে ঘটা চলা প্রতিক্রিয়ার জন্য আমি দায়ী নয়। কারণ আমি আপনাকে জোর করছি না
এই ব্লগের লেখাগুলো পড়বার জন্য। আপনি নিজের স্বাধীন ইচ্ছায় তা করছেন।
আমি পাঠকের কাছ থেকে যা আশা করি
আমি যা লেখালিখি করি ঠিক
তার উপর ভিত্তি করেই আলোচনা করুন, আমার লেখা সম্পর্কে আপনার মনে যদি কোনও
প্রাথমিক ধারণা তৈরি হয়, তা নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন না। লেখার কোনো একটি লাইন বা অংশের জবাব দেওয়ার আগে পুরো
যুক্তিটি পড়ে দেখুন এবং প্রয়োজনীয় উৎসগুলো যাচাই করে নিন।
আমার প্রতি ঠিক সেই সদিচ্ছা ও উদারতা দেখান, যা আপনি
নিজের বিশ্বাসের ক্ষেত্রে অন্যদের কাছ থেকে আশা করতেন—যদি
কেউ কখনো আপনার বিশ্বাস ও ধারণা নিয়ে গভীরভাবে বিচার বিশ্লেষণ করতো।
মানুষ হিসেবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে
এমন অনেক মানুষ আছেন, যারা খ্রীষ্টধর্ম ও যীশু খ্রীষ্ট কে নিয়ে সমাজে
বিভিন্ন এলাকায়, বিভিন্ন সমাজ মাধ্যমে কিংবা ইন্টারনেটে ব্লগ বা ওয়েবসাইটে গভীর ভাবে
সমালোচনা করে থাকেন। অনেক ক্ষেত্রে সেই সব সমালোচনা শালীনতার সকল সীমা ছাড়িয়ে যায়। তবুও
খ্রীষ্টধর্ম মানুষের এই সমালোচনা গ্রহণ করে। আমরা বিশ্বাস করি, বিশ্বাস ও মত প্রকাশের
স্বাধীনতা ঈশ্বরের দান। এমন কি তখনও, যখন এই স্বাধীনতা ঈশ্বরের বিরুদ্ধে ব্যাবহার করা
হয়।
আমি যা কিছুই লিখি, তা কাউকে উত্যক্ত করার উদ্দেশ্যে নয়, বরং আমার গভীর বিশ্বাসের জায়গা
থেকেই লিখি। এর অর্থ হলো—আমার কোনো লেখার শেষ পরিণতি বা
সিদ্ধান্তটি যদি কারও কাছে অপ্রিয়ও হয়, তবুও তাকে সেটা মেনে নিতে হবে। ঠিক যেমনটা
আমি সেই সমস্ত ব্যাক্তিদের ক্ষেত্রে মেনে নিই, যারা খ্রীষ্টধর্ম নিয়ে সমালোচনামূলক লেখালিখি
করেন। কারণ তেমনটা করার স্বাধীনতা তাদের আছেই। সুতরাং, এই ব্লগে
আমি তাদেরই মতো সেই একই স্বাধীনতার ব্যাবহার করেছি।
আমি আশাবাদী, এই ব্লগের কোনও লেখায় আমি যখন তাদের বিশ্বাস ও ধারণা নিয়ে সমালোচনা করবো,
তারা কোনও অসন্তোষ বা রাগ প্রকাশ না করে বরং খোলা মনেই সেটা গ্রহণ করবেন।
যদি এই প্রস্তাব ন্যায্য বলে মনে হয়, তবে আপনাকে স্বাগত।
